পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – কবিতা
নিরুদ্দেশ সংক্রান্ত
দীপশিখা ভট্টাচার্য
তোর পুরনো প্রেমের মুখ মনে পড়ে!
পুরনো কেন বলছি?
হারিয়ে যাওয়া বা স্বেচ্ছায় ছেড়ে আসা..
হঠাৎ তাদের মুখ, তাদের চিবুক ছুঁয়ে যাওয়া গোধূলির আলো।
মনে পড়ে?
মনে পড়লে কী করিস?
খুঁজতে ইচ্ছে করে আরেকবার মনে হয় দেখি
ফেলে আসা সন্ধের গান, সিগারেট, ভীষণ উষ্ণ শহরে শিরশিরে ঠান্ডা স্পর্শ তুমি প্রেম—
হয়তো তখনই টেক্সটে মনে করিয়ে দেওয়া হচ্ছে তোকে
আটা, ডাল, চাল, চা, চাহিদা, কিস্তিতে বাঁচার আধুনিক সুবিধা..
চুম্বন তার মাসকাবারীর সস্তা ঠোঙায় পায়ে পায়ে লাথি খেয়ে পড়ে আছে অনন্ত আবর্জনা
তখনই হয়তো বাঁদিক ঘেঁষা চিনচিনে ব্যথাটা নাড়া দিয়ে যায়
হু হু করে ওঠে মহাকাল
নেই নেই নেই
তারা বা তাদের কোনও চিহ্ন আজ নেই
পড়ে আছি তুই আমি
একলা প্রেম যেমন চেয়ে আছে পড়ে থাকা ধুলোবালি ভালোবাসার মৃত ছবিটার দিকে

