পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
মৌনি মণ্ডলের কবিতা
২
তোমার দিনটা ভালো হোক বলতে ভালোই লাগে
সেদিন তনুজ বললো, সাহস থাকলে এটা পড়ো
হঠাৎ করে কেউ সাহসের কথা বললে আমি চমকে যাই
চমকে গিয়ে দেখলাম, একটা বই কোনও মানে না নিয়েই আমার হাতে এসে পৌঁছেছে
একজন লেখক যখন লেখা ভুলে সাহসের কথা তুলে ধরে
আমার ভয় করে
জীবন একটা ঘটে যাওয়া ঘটনা
কাউকে রক্ত দিইনি, অনেক দিন হলো রক্তের পরীক্ষা নেই
এখন আর কোনও ব্লাড গ্রুপ মনে করতে পারি না
কল্পনা
একটু আগেও যে কথারা মাথার ভেতর লাইন দিচ্ছিলো
তারা চলে গেছে
এখন আবার সেই পুরনো জায়গায় বসে সব ভুলে
চেষ্টা করতে করতে
জোরে জোরে লিখছি
বুঝতে পারার মতো করে বলতে না পারার জন্য
কোনো ডাকে সাড়া দিচ্ছি না
এখন আবার সেই পুরনো দিনের মতো সব ভুলে
মনে মনে বলছি, কবিতা হলো
মেনে নিচ্ছি
পুরনো দিনের মতো সব ভুলে তার কাছে বসে থাকা

