চন্দন ঘোষ-এর কবিতা
পরাজিতের মাংস
গণপিটুনি ভালোবাসে যে সব মহাত্মারা
তাদের ডেকে দাও
সে বেরিয়ে এসে ওই কাঠের পুলের ওপর দাঁড়াক
পিটুনি খাওয়াটা তার মোটেই পছন্দের নয়
তবু সে আজ পরাজিত
তাই তার পিঠই হয়ত উসখুস করছে
করতেই পারে, কারণ
তার পিঠের দখল তো এখন বিজয়ীদের হাতে
মহাত্মারা আজ সারা রাত আগুন ঘিরে নাচবেন
আর উল্লাসে ফেটে পড়বেন
বস্তুত পরাজিতের মাংস তো সর্বদাই উপাদেয়
