পূষণ ভট্টাচার্য এর কবিতা
যোগক্ষেমং বহাম্যহম
সেদিন তোমায় দেখেছিলাম তোমার স্বর্ণরথে
উদ্বেলিত দুই বাহু
জয়ধ্বনি মুহুর্মুহু
উচ্ছ্বসিত নর নারী দ্বারকার রাজপথে ।
তোমার শ্যামবরণ স্নিগ্ধনয়ন প্রেমের অলঙ্কার
অধরে মধুর হাসি
অগাধ ভাবের রাশি
আনন্দ সমুদ্রে ভাসি হেরি লীলাবাহার।
তোমার বিরহে কাতর রাধিকার নয়ন
যমুনার ঘাটে ঘাটে
চিন্ময় লীলাপটে
বাঁশরীর সুরে ভাসে ব্রজ – বৃন্দাবন ।
নদীয়ায় উদিলে তুমি হয়ে গোরারায়
অহেতুকি প্রেমভক্তি
জীবে প্রেম অনাসক্তি
আপনি মজিলে প্রভু জগৎ মজায়ে।
নীলাচলে এলে গৌর অন্ত্যলীলাচ্ছলে
হরে কৃষ্ণ পুত: বারি
উদ্ধরিল নরনারী
সমাধি লভিলে পুণ্য শ্রীক্ষেত্রের জলে ।
কলিতে আসিলে তুমি হয়ে গদাধর
ক্ষুদিরামের নিষ্ঠাবলে
মাতা চন্দ্রমণির কোলে
ঢেঁকিশাল আলো করে এলেন ঈশ্বর।
পুণ্যভূমি লীলাস্থল কামারপুকুর
আদ্যাশক্তি মহামায়া
সারদা রামকৃষ্ণজায়া
জয়রামবাটি মহাতীর্থ নহে অতিদূর।
রামকৃষ্ণ সুরধুনী অমৃতসমান
পবিত্র জাহ্নবীসম
পুণ্য পূর্ণ কুম্ভ যেন
মন্থনে মননে শক্তি ,শান্তি অবিরাম।
যুগে যুগে জীবোদ্ধারে আসেন অবতার
কভু রাম , কভু কৃষ্ণ
কভু প্রভু রামকৃষ্ণ
কভু আসেন গৌরাঙ্গ ধূলা মেখে নদীয়ার।
অবতার পাদপদ্মে এই নিবেদন
দাও মূঢ় নরে মতি
নিরন্তর শরণাগতি
চিরকাল রাখি যেন এ কথা স্মরণ
যে করে ভজনা তোমার
ভার নাও তুমি তার
করুণা নয়নে তব কৃপা সিঞ্চন
শাস্ত্রাদি নাহি জানি
শুধু জানি শ্রীমুখের বাণী
যোগক্ষেমং বহাম্যহম ।।
