মোনালি রায় এর কবিতা
নরকের নবম বৃত্ত
বলিকাঠ ও পাঁঠা তোমার মনে আছে, চেনা সিল্যুয়েটে
ক্রুশে বেঁধা যীশু’ ক্রোমোজমে, ধীরে জমেছে তোমার
যেহেতু নতুন কোন নরক দরজা খুলছে না, মৃত চরাচরে
মাছ ও মেয়ে ডাকা নিশি’রা অনায়াসে ধরা পড়ে জালে
অযুত লোমশ স্তুপ, জিভ চেরা ছুরির ধারে এমন ঝলক
মশাল প্রদীপ অথবা মোমবাতি আলোর প্রয়োজন পড়ে না
নিরুদ্দেশ মেয়ে’র ভার পাহাড় বেয়ে ওঠে, পাহাড় বেয়ে নামে
প্রতিপল প্রতিপদ’, স্ক্রীন ও জীবন বিচ্ছিন্ন রাখছ তুমি
দাঙ্গাই মসলিন আর উলঙ্গ তলোয়ারের নীচে নিজেকে
আরশোলা’ জেনে, পাশ ফিরে শুয়েই আছো! বাতানুকূল
আরাম আলস্যে ঘেরা তোমার এই নিস্তেজ শীতল বুদবুদ
এবার লুসিফারের তিনমুখ এসে একেবারে ছিঁড়ে না খায়
