ইন্দ্রাণী ব্যানার্জী এর কবিতা
বাড়িটা আমার
অনেক বছর পরে এলাম
বাড়িটার সামনে থমকে গেলাম।
বাড়িটা আমার ভালো লাগার
ভালোবাসার বড় হয়ে ওঠার।
বারোঘর এক উঠান
শান্তিপূর্ণ সহাবস্থান।
উঠোনটা আমার ভালো লাগার
ভালোবাসার বড় হয়ে ওঠার।
স্বপ্ননীল আকাশ, ছাদের এককোণ
কিশোর মনের খবর রাখেই বা কজন।
ছাদটা আমার ভালোলাগার
ভালোবাসার বড় হয়ে ওঠার।
রুপোলি গ্ল্যামার চুলের ফাঁকে
ছেলেবেলা তবু হাতছানি দিয়ে ডাকে।
গাড়ির কালো কাঁচ দিয়ে দেখি
আকাশের রঙ বদলে গেছে।
বদলে গেছে বাড়িটা
পাল্টে গেছে শহরটা
বদলায়নি মনটা তবু
ঘরের কোণের শৈশবটা।
তুমি আমি, আমি তুমি
ছোটো ছোটো পরিবার
বড় বড় ইমারতে
শহরটা সাজছে যে আজ।
জীবনস্মৃতির উল্টেপাতা
শেষ করি ভাই গল্পগাথা
অতীতকে নিয়ে চলি
ইচ্ছে করে আবার বলি।
বাড়িটা আমার ভালো লাগার
ভালোবাসার বড় হয়ে ওঠার।
বাড়িটা আমার ভালো লাগার
ভালোবাসার বড় হয়ে ওঠার।
