পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
অরূপরতন ঘোষের কবিতা
প্রজাতান্ত্রিক কবিতা ৩৮ উত্তর ২৪ পরগনা
তোমার মত করে কোণাকুণি দাঁড়ায়নি কখনও
ভাবিনি ধুতুরা গাছের কথা
অলির অজান্তে বাসস্টপে নেমে নীল
শিশি থেকে দু এক ঢোক খেয়েছি আরক
আর ভেবেছি সামান্য এক কৌশিকের কথা
অশোকনগরে সেইবার অল্প জ্বরের কথা
যেভাবে ঘুঙুরের শব্দ, প্রায়
বাকরুদ্ধ মাটিতে আছড়ে পরেছিল মেঝেতে দুপুরে
স্নানাহারের সামান্য পরে!
অন্তত ঘণ্টা দু এক ট্রেন ছিল না কোনও
দুই দোলনের মাঝে বসে
কাজও ছিল না তেমন কেবল নিরপেক্ষ হাটফেরত
লোকেদের আসা যাওয়ার দৃশ্য দেখা ছাড়া
প্রজাতান্ত্রিক কবিতা ৪৯ বড়দিন
গত বসন্তে ফেলে আসা সোনালী নূপুর
বড়ই স্মৃতিকাতর হয়ে পড়েছে আজ
দেখি মাইথন পাহাড় থেকে নেমে
আসছে অগণিত ট্রাক
ভোরবেলা কুয়াশায় জলের মধ্যে মিশে যাচ্ছে
অতিরিক্ত কিছু ভালোবাসা
বাঁধের দুপাশে মেঘচ্ছায়ায়
নির্জন নাগরিক মেয়ে ও তার পুরুষ বন্ধুটিও
কেঁপে উঠছে বারবার
সীমান্ত জঙ্গলে বেড়ে ওঠা
গাছ গাছালির মত

