আলোক মণ্ডল এর কবিতা
১।
।।লিপি।।
মিশরের ফ্যারাও এসেছিল, প্যাপিরাস কাগজে আঁকা দিয়ে গেল নীলনদ,পিরামিড আর অক্ষরলিপি,
এসপারান্তো নয়
লিপিপাঠ হয়ে গেছে শতাব্দীর মাঠে।
লিপি নিয়ে কী করি এখন ! এককপি দিতে পারি অধীশ্বরকে
মিশরীয় নারীর মতো বড় চোখে পড়ুক গুপ্তকথা,
কী লেখা তাতে?
লেখা,এমন এক কৃষিপ্রধান সভত্যার কথা
যেখানে ধর্ম বলে কিছু নেই, শ্রম ছাড়া।
অধীশ্বর পড়ুক, জানুক। প্রিয় রাজাকে
মমি করেছিল জনতা ,
ভেদহীন সমাজ পেয়েছিল, তাই।
অধীশ্বর,পড় ইহিহাস,ধর্মীয় বিভেদ নয় কর,
দীন ইলাহি পাঠ।
২।
।।নশ্বর।।
ধ্বজা পড়ে গেল
কলরোল সমার্থক কোলাহল
কেউ খুঁজছেন রাজধর্ম, মহত্ত্ব সহনশীলতা
তাঁর
নীরব সময় সরব প্রশ্নে,এ্যাতোদিন কোথায়
ছিলেন, মৌনীবাবা?
কলরোল সমার্থক কোলাহলের একটাই স্বর
দম্ভ দেখিও না, যৌবনের কাছে সবই নশ্বর।
আলোক মণ্ডল,
সম্পাদক, “কবিকর্ণিকা”( কবিতা বিষয়ক নিয়মিত ত্রৈমাসিক)
