কল্যাণ গঙ্গোপাধ্যায় এর কবিতা
মধ্যবিত্তের হিসেব নিকেশ
কল্যাণ গঙ্গোপাধ্যায়
সকালবেলার চায়ের কাপে যে ধোঁয়া উঠছে,
তার ভিতরে জট পাকিয়ে জড়িয়ে থাকে
মাসের শুরুর চেনা উদ্বেগগুলি,
যা বলে, নিজেকে আরও লুকিয়ে ফেলতে!
বাজারের থলি হাতে দাঁড়িয়ে থাকে যে মানুষটি
তার পিঠে অদৃশ্য এক ক্লান্তির বোঝা,
যা হয়ত সে নিজেও টের পায় না
আর তার বোঝা কোনোদিন কমেও না।
সংসার আর স্বপ্নের টানাপোড়েনে দিন কাটে,
চোখ তুলে দেখা হয় না, পাখির ওড়াউড়ি
নিজস্ব ইচ্ছেগুলি প্রতিদিন কাটছাঁট করতে করতে,
দেওয়ালে পিঠ ঠেকে যায়!
তবুও এক অদ্ভুত মায়ায়, কখনো হেসে ওঠে আচমকা
তারপর অবাক হয়ে ভাবতে থাকে,
সবটুকু অভাব লুকিয়ে রেখে
এই হাসিটুকু এখনও কোথায় লুকিয়ে ছিল?
Kalyan Gangopadhyay (A/C Kalyan Kumar Gangopadhyay), ‘LABANYA’ Flat No-1A, Floor-1st,
12 Chandi Ghosh Road, Kolkata-700040. West Bengal, India.
(M&WA- 98833 32599) email:-kalyangangopadhyay52@gmail.com
