পঞ্চম বর্ষ প্রথম কবিতা
বসন্তকিরম
দেবাঞ্জন দাস
১.
বাড়ির মায়া ঝগড়া
চুমু খাচ্ছে অর্জুন গাছে
তোমার ছালের হৃদয়
উচ্চারণ ভুল কোরো না
ভালোবাসা জেনো রক্তজবা
ভুনতে ভুনতে বিকেল চলে আসবে
দাঁতে আটকাবে
গুরুর মাংসের ফাইবার
তারপর টুথপিক
কত ডিসক্রিট
কত চার্ম অফ বুর্জোয়াজি
কে বলবে
কচি বাছুর দৌড়চ্ছে
মাঠ ঘাট নদী প্রেমিকা দৌড়চ্ছে
মরে যাওয়া কত অমোঘ
সে’কথা সন্ধ্যার গাছ জানে শুধু
মানুষ থেমে যায়
ভোটাধিকার চলে যায়
গাছ হিম শুষে খায়
বেঁচে থাকার পোঙা রাস্তা পেরোয়
কখনও মাদল কখনও ডঙ্কা
ছাইয়ের সাথে আলগা হয় হাওয়ার সম্পর্ক
২.
হাঁটতে হাঁটতে শব্দ খোলস খুলছে
ভাট ফুল, গুবরে পোকা
ভেঙ্গে যাচ্ছে শব্দ রাতের ল্যাম্পপোস্টে
সতীমার মেলায় আগ্রার মেওয়া যেমন
বৃন্দাবনের ডিম হীন কেক যেমন
সিঁড়ি ভাঙা অঙ্কে
সিঁড়ি শেষ হয় না আর
সার্কাসের তাঁবুতে বাঘ ডাকে না
ঢেউ ওঠে
বালে পাক ধরে
ধর্ম ভেঙ্গে ছড়ানোর আগে
চোখ টেপে
ঐ কেমন শাড়ি হল মেয়েটার
বিয়ের মন্ত্রে কেমন খিল্লি হল হৃদয়ের
সভ্যতাকে খিল্লি করে খিদে
জোহরের নামাজ
একাদশীর পারণ
এমন মজার মজাকিতে
শ্মশান একদিন বেড়াতে আসে নদীর পাড়ে
ঢেউয়ের ধাক্কায় খিদে ভেঙ্গে যায়

