পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
দেবী শান্ত হও…
দেবজ্যোতি সিংহ রায়
ধীর পায়ে বেজে চলো আজ,শান্ত হও,শান্ত
অতিদূর আলোকপ্রবাহ তৃষ্ণাকাতর হয়ে
ছড়িয়ে পড়ছে বিদ্যুৎচকিত সম্মোহনে।
তোমার ধ্বনিত জিভের রহস্যঘন শব্দে
ক্রমশ ভেসে যাচ্ছে শেষ বৈতরণীর ভক্তিরস।
ধীর পায়ে বেজে চলো আজ,শান্ত হও,শান্ত
দ্যাখো মর্ত্যলোক আচ্ছন্ন করে আসে মায়াজাল
জোৎস্নারাত থেকে ঝ’রে পড়ে সহস্র বছর
গিলে খায় পৃথিবীর স্তনবৃন্তে ফুটে ওঠা ভাগ্যরেখা।
ধীর পায়ে বেজে চলো আজ,শান্ত হও,শান্ত
বর্ষাশেষ ঝর্ণার মতো নেমে এসো দেবী
প্রাচীন মন্ত্রবলে ক্রমাগত আশ্রয় খুঁজি
যেন প্রকৃতপক্ষেই বাস্তুত্যাগের দীন কৃতদান।
শীর্ণতাসস্মিত মুখে তোমাকে ফিরিয়ে দেবো তুলসিমালা,
কেবলই শরীর জুড়ে ঘুরে চলা মহাকাশ-জন্মলীলা।

