যোধপুর পার্কের ‘দ্য বেঙ্গল স্টোর’-এ ‘The Sculpted She’- শিল্পী অলকানন্দা সেনগুপ্তের প্রদর্শনী (লিখেছেন সংহিতা রায়)
আম কুড়তে গিয়েছিল দুটি মেয়ে। একজন ৫ একজন ১০। আম বাগানের কাছেই কেন্দ্রীয় বাহিনীর কোয়ার্টার। চল্লিশ বছর বয়সী এক ফোর্স দুটো বেশি আমের লোভ দেখিয়ে ভিতরে নিয়ে যায় তাদের। ৫ বছরের মেয়েটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে ১০ বছরের মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।
ভোটের শেষপর্যায়ে এ ঘটনা এখনও টাটকা। ঘটনাস্থল আসানসোল।
গ্রীষ্ম আবারও আসবে। আমের গায়ে সিঁদুরে রং ধরবে। আম পাকার গন্ধে মম করবে বাতাস। কিন্তু মেয়েটির মনে আমের গন্ধে ভয়। পৃথিবীর দিকে অবাক দৃষ্টি তার। হাতে ধরা খেলার পুতুল। গায়ের জামায় ফুটে আছে মরা ফুল। বিছিয়েছে লতাপাতা। জামার নিচে পৃথিবীর ক্ষত। নির্বাক চোখ। বন্ধ ঠোঁট। দৃষ্টি বহুদূর। যে পথে ঈশ্বরের দেশ।
লজ্জায় জিভ কাটে কালী। ছিটকে বেরিয়ে আসতে চায় গনগনে চোখ। উদ্যত দু’হাত মেলে তিনি দাঁড়িয়ে থাকেন। নির্বিকার।
কখনও সেই ঘোরা কৃষ্ণা দু’হাত দিয়ে ঢেকে রাখেন যোনিদেশ। বুক জুড়ে রক্তজবা। টকটকে লাল চোখে বিপন্নতার বিস্ফোরণ। কোথায় তাঁর খড়্গ কৃপাণ! মাটির কন্যারা ভাসতে থাকে পৃথিবীর গরল সমুদ্রে। দেবী মানবীতে ভেদ ঘুচে যায়।
তারা সবাই অলকানন্দার কন্যা। তারা হাসে না, কাঁদে না, রাগে না, চিৎকার করে না। শুধু অবাক চোখে বিক্ষত হয় আর হারিয়ে ফেলে নিজস্ব পৃথিবী।
যুদ্ধ বিধ্বস্ত মাটিতে সন্তানের জন্য দুধ খোঁজে মা। সন্তানের লাশে ভারী হয় ফিলিস্তিনি মায়ের কোল। শহর ভাঙে। গুঁড়িয়ে যায় নগর। শেষ হয় সভ্যতা। আর কিছু নেই। রক্ত, মাংস, ক্লেদে রুদ্ধ।
তবুও ফুলবতী হয় নারী। ভীষণ দিনের শেষে ঘর বাঁধে ঘরহারা প্রেমিক-প্রেমিকা। থেমে যায় বোমা বারুদ। ভাঙা দেওয়াল পেরিয়ে চাঁদ ওঠে। আকাশে তারার সামিয়ানা। শরীর জুড়ে জন্ম নেয় ভরসার ভালবাসার ছত্রাক।
শিল্পী অলকানন্দা সেনগুপ্ত তাঁর কন্যাদের গড়ে তোলেন আশা নিরাশায়। তারা সমকালকে ধারণ করে শরীরে। নিজেরাই নিজেদের গল্প বলে। সহজ তার ভঙ্গী। তারা কাঁটাতারের ব্যবধান মানে না। তাই ধর্ষিতা বিলকিস আর প্যালেস্টাইনের মা দাঁড়িয়ে থাকে পাশাপাশি। লাল- হলুদ-সবুজ-কালোয় উজ্জ্বল গায়ের রং।
শিল্পী অলকানন্দার কাজের উপাদান মাটি। টেরাকোটার কাজে ছক ভেঙেছেন। বড় ভালবাসায় সৃষ্টি করেছেন মেয়েদের দুনিয়া। ভাস্কর্যের সম্পদ অভিব্যক্তি।
তাঁর কন্যাদের দেখা যাচ্ছে যোধপুর পার্কের ‘দ্য বেঙ্গল স্টোর’-এ। প্রদর্শনীর নাম ‘The Sculpted She’। ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।








