পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
তোমাদের জড়তা,মাছ বলে ছেড়ে আসি
মৌলিশা সরকার
উত্তর ছেড়ে আসি
দক্ষিণের অভ্যাস আমাকে পেয়ে বসছে
এইমাত্র আমার মড়া বিড়ালটি পুস্তানির কাগজে মুড়ে
ছুঁড়ে এলাম, অশিতী হাওয়ায়
অতসী গাছ বাবা বলেন ওরা গান গায় হাওয়া দিলে
পিতামহ ছেড়ে গেছেন অনন্ত জলের ঠিকানা
ঠাকুমা কে ভাসানো হয়, ভেসে গেছে মামলা বাড়ি
ইট কেটে অ্যাকোয়ারিয়াম হয়েছে , তোমাদের জড়তা
মাছ বলে ছেড়ে আসি মৃদু জলে
বমি পায়, থকথকে শব্দের শ্লেষ্মা
শব্দ চলে গেছে মৃত্যুর দিকে
শব্দ চলে গেছে উষ্মার দিকে
শব্দ উন্মাদ।
২.
এটাই পথ মনে হয়
নিলয়দা’র কোট মরা সাহেবের বাড়ি হয়ে
আমাদের রান্নাঘর
রাঁধুনি ফোড়ন দিতে পারি, নিশুতি বিকেল খেতে চাইলে
এহেন হিজিবিজি লিখি একা একা
ধুলো ধরা প্রচ্ছদ, দমবন্ধ হয়ে আসে
আমি কি ভুলে যাচ্ছি আসলে কি ভাবতে হত,
কতটা বিচ্ছিন্ন হতে হত যুদ্ধের খবর লেখার আগে
আরও দয়া, আরও করুণা, অরূণা ঈশ্বর এরূপে
বিরক্ত আমি, এ বিচ্ছেদ শ্রেয় সমীরণ
তোমার জলের অজুহাতে বিলোল দিঘী দীঘল অনন্ত মরসুমে
কে কাকে মেপেছি বলো
ছেপেছি আড়ালে
কালো, বৈ তো নয়!

