পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
অনিকেত দেবনাথের কবিতা
চোখের বন্ধু
যেখানে প্রেম শেষ হলো,
সেখানে একটা ছাতা নিয়ে এসো।
বৃষ্টিছাটে বুকে ভিজে যাক
চোখ থাকুক রোদ খটখটে।
ছাতা আসলে চোখের বন্ধু,
হৃদয় আজীবন একলা।
এমন বৃষ্টিতে
এমন বৃষ্টিতে তেমন ক্ষতি হয়না।
জানালা খোলা রাখলেও ঝাপটা আসে না,
রাস্তায় তেমন জল জমে না,
মানুষ খালি মাথায় বেরোলেও ভিজে যায় না।
অথচ বৃষ্টি হচ্ছে…
এমন বৃষ্টি হচ্ছে— যেনো কেউ শত চেষ্টা করেও
কষ্ট চাপতে পারছে না।

