পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
সার্চলাইট
শাশ্বত গঙ্গোপাধ্যায়
‘খুব দুর্লভ অর্কিড আমি, সংগ্রহ করা সত্যি কঠিন’
এই বলে তুমি, হঠাৎ বিকেলে কর্পূর হয়ে উবে গিয়েছিলে
আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবন্ত এক ফসিল হয়েছি
ফ্লুরোসেন্ট বোর্ডে অক্ষর থেকে উপচে পড়েছে সাবানের ফেনা
ভেসে থাকা চাঁদ, রক্ত মাখানো মিহি কাগজের চীনে লন্ঠন
যত রাত বাড়ে, এত কনকনে হাওয়া দেয়,যেন গোটা কলকাতা
নির্জন কোনো উপত্যকার জেগে থাকা এক পাহাড়ি শহর
হেয়ার পিন যে বেন্ড সামনেই, তার কিছু দূরে বৌদ্ধ গুম্ফা
যেন প্রার্থনা-পতাকা উড়ছে, রাস্তার সব পাথর সরিয়ে
পাইন বনের খাঁজকাটা ফল, ফার্নের ভেজা পাতার আড়ালে
কোথায় লুকিয়ে রয়েছো তুমি যে,টর্চ জ্বেলে আমি খুঁজে খুঁজে দেখি
আমি মানে এক শুকোনো ঠোঁটের নাছোড়বান্দা রোগাটে প্রেমিক
লেটার প্রেসের হরফে সাজানো বিরহ বিধুর বাংলা কবিতা…

